ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে শুক্রবার মরিয়ম আক্তার (৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মরিয়ম জেলার নবীনগর উপজেলার গোসাইপুর এলাকার আরিফ মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মরিয়ম তার নানা বাড়ি উপজেলার আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের হিরা মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মরিয়ম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি।
সন্ধ্যা পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় তার বাবা এলাকায় মাইকিং করেন। শুক্রবার সকালে তার নানা বাড়ির পাশে কৃষি জমিতে বস্তাবন্দি অবস্থায় লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
মরিয়মের বাবা আরিফ মিয়া বলেন, মধুপুর এলাকার নজরুল ও খোকন মিয়ার সঙ্গে কিছু দিন ধরে আমার টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রতিয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তে মূল রহস্য বেরিয়ে আসবে।
জেএ





