ময়মনসিংহে স্কুল গেটে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছে। তার নাম রাশেদুজ্জামান (১৪)। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লিয়ন স্থানীয় কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। রাশেদুজ্জামান শহরের বাইপাস এলাকার মালয়েশিয়াপ্রবাসী আক্তারুজ্জামানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ মিনহাজ উদ্দিন বলেন, আজ সকালে রাশেদুজ্জামান ইউনিফর্ম পরে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বেরিয়ে যায়। স্কুলের ফটকের কাছে পৌঁছালে সমবয়সী কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

এসআই শাহ মিনহাজ উদ্দিন বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি।

এমবি