হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ও গোলযোগের কারণে ২ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন। এছাড়া ব্যাপক ভোট কারচুপি ও ক্ষমতাসীনদের আধিপত্যের মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন। কেন্দ্রদুটি হলো- চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া পশ্চিম চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিলিয়া মহিলা দাখিল মাদরাসা ও চিতলমারি সরকারি প্রাথমিক কেন্দ্রের ভোটগ্রহণ ১ ঘণ্টা বন্ধ রেখে পুনরায় শুরু হয়।
প্রিজাইডিং কর্মকর্তাদের বরাত দিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা মো. নুরুল্লাহ নুরী বলেন, ‘সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা হলে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বিচ্ছিন্ন এ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।’
নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছে। উপজেলায় মোট ভোটার ৬৯ হাজার ৭শ’ ৮০ জন।
জেআই





