বাস ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে সংঘর্ষে সাগরিকা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নসিমন চালকসহ নয়জন।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ার আশাননগর হাতিভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগরিকা একই এলাকার সাহেব আলীর স্ত্রী।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতে একটি বিয়ের দাওয়াত খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নসিমনে করে বাড়ি ফিরছিলেন সাগরিকা।

পথে আশাননগর হাতিভাঙ্গা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগরিকা মারা যান। এসময় আহত হন নসিমন চালক ও সাগরিকার পরিবারের আট সদস্য।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি।

এআর