ভোলার চরফ্যাশন পৌর সভার ১ নং ওয়ার্ডের কুলছুম বাগ এলাকার সিরাজুল ইসলাম মিয়ার বাসায় ডাকাতির করে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। মুখোশ পরা ডাকাতদলের মারধরে সিরাজুলের স্ত্রী ছিদ্দিকা খাতুন (৬০) আহত হয়।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন ছিদ্দিকা খাতুন জানায়, তার স্বামী সিরাজুল ইসলাম মিয়া ইতেকাফে থাকায় রাতের খাবার খেয়ে তিনি বাসায় একা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশ পরা চার থেকে পাঁচজন সশস্ত্র ডাকাত গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তিনি জেগে উঠলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি আহত হন। সশস্ত্র ডাকাতরা বাসার আলমারি ও শোকেজ ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, জনতা ব্যাংক চরফ্যাশন শাখার একটি স্বাক্ষর করা চেক বই ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, ডাকাতির ঘটনাটি তাকে জানানো হয়েছে।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





