ঢাকের কাঠি, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনীতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপ। মঙ্গলবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে মহা ধুমধামের মধ্য দিয়ে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ৫দিনব্যাপী এ উৎসবের শুভসূচনা হচ্ছে। ‘মহাশক্তি মহামায়া দুর্গতিনাশিনী দেবীদুর্গাকে ভক্তিভরে বরণ করে নিচ্ছেন সারা দেশে প্রায় তিন কোটি হিন্দু নর-নারী। মন্দিরের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।

সোমবার বিকেলে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে গত ২৩ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী আগমনের আয়োজন।
সনাতন ধর্মের বিশ্বাসীদের মতে, এবার মা কৈলাস থেকে বাবার বাড়ি অর্থাৎ ধরায় আসছেন নৌকায় চড়ে। আর ফিরবেন দোলায় চড়ে। যার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও রোগ মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাবে। তবে সনাতন ধর্মালম্বীরা এটিও বিশ্বাস করেন যে, দেবী তার অশেষ কৃপায় সবাইকে রক্ষা করেন।

৫দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ মঙ্গলবার প্রথম দিন মহাষষ্ঠী। সকালে ৯টা ৫৮ মিনিটে কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পূজা। কাল অর্থাৎ ১ অক্টোবর মহাসপ্তমী, ২ অক্টোবর মহাষ্টমী। এ দিন সবচেয়ে বড় আকর্ষণীয় হলো রামকৃষ্ণ মিশনসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে কুমারী পূজা। ৩ অক্টোবর এক দিনে মহানবমী ও বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর প্রতিমা বিসর্জন। এ দিন বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে বিজয়ার শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে হিন্দুদের পরম কাঙ্খিত শারোৎসব। ৫ দিনব্যাপী মণ্ডপে চলবে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা।

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলে আগামী ৪ অক্টোবর সরকারি ছুটি থাকবে। দুর্গাপূজা উপলক্ষে বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, এবার সারা দেশে ২৮ হাজার ৪৫৮টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১৮টি, চট্টগ্রামে এক হাজার ৫৭৭, টাঙ্গাইলে এক হাজার ১১৯০ ও দিনাজপুরে এক হাজার ১৬৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
দেশের

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম