নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাত দশটার দিকেউপজেলার চরকিং ইউনিয়নের কিল্লাবাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমগীর হোসেন (১৬), জহির উদ্দিন (২০), মাঈন উদ্দিন (২৮), আবুল কাশেম (৪২), আবদুল মান্নান (৫৫), আবদুল হক (৭২), সালাউদ্দিন (২৬), স্বপন উদ্দিন (১৮) ও মো. ইউনুছ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে নৌকার প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকেরা কিল্লা বাজারে একটি মিছিল বের করে। এ নিয়ে নৌকার সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

যার এক পর্যায়ে নৌকার প্রার্থীর সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এতে ছররা গুলিতে ৯ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

হাতিয়া থানার ওসি এ টি এম আরিছুল হক জানান, চরকিং ইউনিয়নের কিল্লাবাজারে নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর লোকজনের ওপর হামলা করেছে। এ নিয়ে দুই পক্ষে পরে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এমবি