স্টাফকে পেটানোর জের ধরে রাজধানীর মোহাম্মদপুর থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

বাসের স্টাফ এবং কর্মচারীরা বুধবার সকাল ১০টা থেকে সাত মসজিদ রোড মোড়ের রাস্তা বন্ধ করে বাস চলাচল বন্ধ রেখেছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী শত শত যাত্রী।

বেলা সোয়া ১১টার দিকে পুলিশ জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফটিসিএল পরিবহনের একজন হেলপার বলেন, ‘সকালে আমাদের একটি বাসের স্টাফকে বশিলা এলাকার ব্যবসায়ীরা ধরে নিয়ে তাদের দোকানে আটকে রেখে মারধর করে। এর প্রতিবাদে আমরা সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছি। বিচার না হওয়া পর্যন্ত বাস চলতে দেওয়া হবে না।’

মৈত্রী পরিবহনের হেলপার জাকির হোসেন বলেন, ‘আপনারা স্টাফদের মানুষই মনে করেন না। আমরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ডিউটি করি। ভাড়া নিয়ে একটু ক্যাচাল হলেই আপনারা মারধর করেন।’

এটিসিএল পরিবনের হেলপার একজন বলেন, ‘আমরা মালিক সমিতিকে টাকা দেই। মালিক সমিতি আমাদের বিপদ আপদে পাশে না থাকলে আমরা বাস চলতে দিব না।’

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাফিজ আল ফারুক বলেন, ‘এক পরিবহন শ্রমিককে পেটানোর জের ধরে চালকরা গাড়ি বন্ধ করে দেন। কিন্তু বিষয়টি মিটমাট হয়ে যাওয়ায় এখন গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।’