জয়পুরহাটে আবদুল মতিন (৩০) হত্যা মামলায় সাত জনের ফাঁসি, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সব আসামির ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্দুর রহিম আজ বুধবার দুপুর আড়াইটায় এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধাড়কী গ্রামের ওয়াজেদ আলী তোরাফ (৪৫), একই গ্রামের মন্টু (৩০), মছির উদ্দীন (৪৮), মোবারক আলী মোল্লার দুই ছেলে চৈতুন মোল্লা (৪৩) ও ছাফাদুল মোল্লা (৩৮) এবং ওয়াজেদ আলী তোরাফের দুই ছেলে আনু (২০) ও আবু হাসান দিলিপ (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত মাহবুব আলম বাবু (২৫) ধাড়কী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সরকারী কৌশলী অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে বড়াইল প্রামাণিক পাড়ায় সাজাপ্রাপ্ত আসামিরা কোদাল দিয়ে কুপিয়ে আব্দুল মতিনকে হত্যা করে। এ ঘটনায় আব্দুল মতিনের বড় ভাই শাহ আলম বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালে মামলার আসামি মন্তাজ (৫১) মারা যান।

এমএনজে/এমবি