কক্সবাজার ও নরসিংদীতে কথিত র‌্যাব ও বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নরসিংদীর শীর্ সন্ত্রাসী ও অপর দুই জন রোহিঙ্গা বলে জানা গেছে।

নরসিংদী: রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ শফিকুল ইসলাম শফিক (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। এছাড়া প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে শফিকের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে আহত র‌্যাব সদস্য ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টা ২২ মিনিটে চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানায়, আহত র‌্যাব সদস্য কনস্টেবল নুর আলমের বুকে গুলি লাগে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় গুলি শরীরের ভেতরে ঢুকতে পারেনি।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি শফিকুল। তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে গেলেই সে ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টাগুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব সূত্র জানায়, নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ৩টি হত্যা মামলা, ৪টি অস্ত্র মামলাসহ অন্তত একডজন মামলার পলাতক আসামি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের দুইজন রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে।

এ সময় এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি বিজিবি।

বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফের ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ উপজেলার খারাংখালীর নাফ নদী সীমান্ত দিয়ে দুইজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। কর্তব্যরত বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার জন্য বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মিয়ানমারের দুইজন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে তল্লাশি করে এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।’

জেড