কক্সবাজার জেলার চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার শহরের বাসিন্দা মৃত মোহাম্মদ ইসমাইলের স্ত্রী কক্সবাজার কেজি স্কুল শিক্ষিকা তাহেরা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া ইসমাইল তাম্মী (২৬), তাদের কাজের মেয়ে কহিনুর আকতার (২৫) ও মাইক্রোবাস চালক উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার আলী আকবরের ছেলে জয়নাল উদ্দিন (৩০)। তাসফিয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ফয়েজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার পিকনিক বাস চয়েজ এর সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন দুইজন। আহতদের চকরিয়া হাসাপাতালে পাঠানো হয়।

চকরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মোহাম্মদ সাবের জানান, হাসপাতালে আনার পর একজন মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন

এআর/জেআই