বরিশালে আদালত পাড়ায় এক আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টায় এগুলো উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী কমিশনার আনসার উদ্দিনসহ অন্যান্য সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশের সহকারী কমিশনার ও বিএমপি’র মুখপাত্র আনসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবী সমিতি ভবনের পেছনে অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারের জন্য ব্যবহৃত কক্ষে অভিযান চালানো হয়।

এর আগে বেশ কিছুসময় ধরেই ওই কক্ষটি তাদের নজরদারীতে ছিলো। পরে সংশ্লিষ্ট সবার অনুমতি পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলনের ব্যবহৃত ওই কক্ষের সিলিংয়ের ভেতর থেকে ৩৯ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক সম্ভব না হলেও নিয়মানুযায়ী মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, কক্ষটির সামনে একজন মহিলা আইনজীবীর নাম লেখা থাকলেও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলন ব্যবহার করে আসছিলো।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরুল হাসান বাংলানিউজকে জানান, ডিবি পুলিশের একটি দল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার করেছে এমন খবর জানার পর তিনি সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন।

চেম্বারের সভাপতিসহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত মোতাবেক বারের নিয়ম ও আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চেম্বারের বিষয়ে তিনি জানান, ওই কক্ষটি অন্য একজন আইনজীবীর নামে বরাদ্দ থাকলেও অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলন তা ব্যবহার করে আসছে।

এমকে