সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সাথে বৃদ্ধি পাচ্ছে জেলার অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, ইছামতি ও ফুলঝোড় নদীর পানি।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে প্রায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ নদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে।

এর ফলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর না পাওয়া গেলেও তলিয়ে গেছে জেলার দুগ্ধ শিল্প সমৃদ্ধ শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার অধিকাংশ গো চারণভূমি। গো চারণ ভূমি তলিয়ে যাওয়ায় এই দুটি উপজেলার প্রায় ১২টি ইউনিয়নের প্রায় ৪০ হাজার গবাদি পশু নিয়ে বিপাকে পরেছেন গো খামারিরা।

এদিকে, বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও সুষম খাদ্যের অভাব।

বৃহস্পতিবার নতুন করে বন্যা কবলিতদের জন্য জরুরি ত্রাণ হিসেবে জেলার চৌহালী, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় ৫২ মেট্রিক টন চাল ও নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় ইতোমধ্যেই ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাত্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ