বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটনেতা আ.স.ম হান্নান শাহ’র রোগমুক্তি ও মজলুম জনগণের মুক্তি কামনায় আজ সকাল সাড়ে ১১ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান স্বাচ্ছা জাতীয়তাবাদী নেতা আ.স.ম হান্নান শাহ’র রোগমুক্তি কামনা করে দেশপ্রেমিক জনগণকে আল্লাহর দরবারে মোনাজাত করার আহ্বান জানান।

তিনি মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার প্রেরণায় সর্বোচ্চ কোরবানীর জন্য মজলুম জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, চারিদিকে জালেম শাসকদের জুলুমে নারী-শিশু ও বৃদ্ধের আহাজারি। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের মানুষকে ভোটারবিহীন গোলামে পরিণত করা হয়েছে। প্রতিবাদ করলেই দেশপ্রেমিক নেতাদের জেল-জরিমানা, গুম-খুন ও ফাঁসিতে ঝোলানো হচ্ছে।

যিনি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছেন। স্বাধীনতার সেই মহান ঘোষক শহীদ জিয়ার মাজার সরিয়ে ফেলার পায়তারা হচ্ছে। সীমান্তে আমার মানুষদের পাখির মত হত্যা করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ ও মুসল্লীদেরও নিরাপত্তা নাই। বাংলাদেশ আজ জুলুমের জনপদ। জুলুমের এই জনপদকে শান্তির জনপদে পরিণত করতে তিনি ধৈর্য্য, সংযম ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিশ্বাস রাখুন হাজারো ওলি-আউলিয়া, শহীদ-গাজীর বাংলাদেশে জুলুমতন্ত্র চলবে না।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোঃ জামাল উদ্দিন, যুব জাগপা সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, সহ সভাপতি সাইদুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুয়েল, নগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, সাদারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, নগর সহ সভাপতি আমির হোসেন আমু, নগর নেতা আহমেদ শফিক, মজদুর লীগ নেতা মাহবুব হোসেন বাবু প্রমুখ।

এসএ