রংপুরের পীরগঞ্জে ১৫টি ইউনিয়নের কৃষি অধিদফতরের আওতায় নিয়োজিত ৪৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার (বিএস) বসবাসের কোয়ার্টারগুলোতে এখন ভাসমান মানুষ বাস করছেন।

কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা, দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ওই সব কোয়ার্টারে বসবাস করছেন না।

সংশ্লিষ্ট ইউনিয়নের কোয়ার্টার না থেকে তারা প্রায় ৫০ কিলোমিটার দূর রংপুর জেলা সদরে, বা নিজ বাড়ি থেকে অনিয়মিতভাবে অফিস করছেন।

জানা গেছে, কর্মকর্তাদের কর্মস্থলে ২৪ ঘণ্টা অবস্থানের সরকারি নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে উপ-সহকারীর দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তগণ অনিয়মিতভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে কৃষকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শ্রী সমীর চন্দ্র ঘোষ তিনি জানান, কোয়ার্টারগুলো প্রায় ২ যুগ আগে নির্মিত হওয়ায় মেরামত ও সংস্কারের অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কোয়ার্টারগুলোতে বসবাস করতে পারছে না। অবশ্য কোয়াটার সংস্কারে বরাদ্দ চেয়ে সংশিষ্ট বিভাগে আবেদন করা হয়েছে।

জেডআই