বগুড়ার গাবতলী উপজেলায় সোনারায় ইউনিয়নের সরধনকুঠি গ্রামে শিশু কন্যা মাহফুজা খাতুনকে (১০) হত্যার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) দুপুরে খবর পেয়ে পুলিশ নিহত শিশুটি মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আটক রেহেনা বেগম একই গ্রামের আব্দুল আউয়ালের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন আব্দুল আউয়াল। প্রথম স্ত্রীর শিশু কন্যা মাহফুজা গ্রামের বাড়িতে দ্বিতীয় স্ত্রীর কাছে থাকতো।
১৯ জুলাই (মঙ্গলবার) ডাক্তার দেখানোর কথা বলে সৎ মা রেহেনা মাহফুজাকে বগুড়া শহরে নিয়ে যান। বাড়ি ফেরার পর বিকেলে মাহফুজা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতের কোন এক সময় মারা যায় শিশুটি।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর ওই শিশুকে গ্যাসের ট্যাবলেট সেবন করানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে গলাটিপে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রেহেনা বেগম।
তবে হত্যার কারণ জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
ওএফ





