ঢাকা-বেনাপোল সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

বুধবার বিকেলে বেনাপোল রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পাসপোর্ট যাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকেন।

এ সময় মন্ত্রী জানান, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাত্রী যাতায়াতের সুবিধা হবে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করেন।

এসব যাত্রীর সিংহভাগ আসেন রাজধানী ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে এসব যাত্রী নানা হয়রানির শিকার হন। ট্রেন চালু হলে সেই হয়রানি লাঘব হবে।

জানা গেছে, ঢাকা-বেনাপোল ট্রেনটিতে ১০টি বগি থাকবে। তবে এ ট্রেনের নাম এখনও নির্ধারণ হয়নি। এই সার্ভিস যশোর ও ঈশ্বরদী স্টপেজে থামবে।

তিনি বলেন, কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন-এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা। তবে এটি সামান্য কয়েকটি স্টপেজে থামানো হবে।

এককথায় ননস্টপ হিসেবে এ রেলটি চলবে। মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলের মহাপরিচালক শহিদুল ইসলাম ও রিজিয়ন অফিসার অশীম কুণ্ডু।

মন্ত্রী বেনাপোলে এলে তাকে সংবর্ধনা জানান শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সিরাজুল হক মনজু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক রাসেদুর রহমান রাসু, ছাত্রলীগের সভাপতি আ. রহিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, স্বেচ্ছাসেবক লিগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ছাত্রনেতা ইমরান হোসেন।

এএস