মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগে অবশেষে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সেই এএসআইসহ ২ কনেস্টবলকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফরহাদ সরদার।
তিনি জানান, গত ২৯ আগষ্ট এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করলেও তাকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে ওই দুইজনকে বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যক্রমে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো জানান, অভিযোগের পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে পরিচালিত প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে ডিবি’র উপ-পুলিশ কমিশনার এর নির্দেশে প্রথমে তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়।
পরে বৃহস্পতিবার তাদের ক্লোজড (সাময়িক বরথাস্ত) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও বিভাগীয় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অধিকতর তদন্ত চলমান রয়েছে।
এমএনজে





