বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আজ চরম সংকটে নিপতিত বলে মন্তব্য করেছেন ছারছীনার পীর, আমিরে হিযবুল্লাহ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
তিনি আজ (বৃহস্পতিবার)বাদ মাগরিব মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে এসব কথা বলেন।
তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে চলে আলোকিত জীবন গড়া প্রত্যেক মুমীন মুসলমানের ঈমানী দায়িত্ব। বর্তমানে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ চরম সংকটে নিপতিত। মুসলিম উম্মাহর চলমান এই সংকট থেকে উত্তরণ পেতে হলে সত্য, ন্যায় তথা সিরাতুল মুস্তাকীমের পথে জীবন গঠন করতে হবে।
তিনি আরো বলেন, ছারছীনা দরবার নামাজ, রোজা, হজ্ব, যাকাত, হালাল-হারামের পাশাপাাশি ভক্ত মুরীদানদের ব্যক্তিজীবনে পর্দার বিধান পালনে জোর তাকীদ দিয়ে থাকে। এর পাশাপাশি আল্লাহওয়ালা হওয়ার জন্যে নিয়মিত জিকির-আজকার, দরূদ শরীফ, মীলাদ-ক্বিয়াম, সলাতুল আউয়াবীন সহ অন্যান্য নফল নামাজ ও নিয়মিত পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়ার জন্য তা’লীম দিয়ে থাকে।
মাহফিলে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস জনাব রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই-নেছারিয়া দ্বিনীয়ার নায়েবে মুদীর মাও: সফিউল্লাহ আল মামুন, মুফতী মো. হায়দার হোসাইন, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ওসমান গণি ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই-নেছারিয়া দ্বিনীয়ার শিক্ষক মাও: শামসুল আলম মোহেব্বী প্রমূখ।
আগামীকাল মাহফিলের শেষ দিন এবং বা'দ জুমা দেশ-জাতি, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।
আবদুর রহমান/জারিফ





