রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের আটদিন পর অবশেষে চৌকি বসিয়ে অস্থায়ীভাবে বেচা-কেনা শুরু করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বেচা-কেনা শুরু করেন তারা।
ব্যবসায়ীরা বলেন, আমাদেরকে দোকান দেয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। তবে কিভাবে দেবে সেটি জানি না। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আরও দুই তিন দিনে দোকান পাবো কিনা সন্দেহ রয়েছে। যদি সুষ্ঠুভাবে দোকান বণ্টন না করা হয় তাহলে বিশৃঙ্খা হবে, হাতাহাতি হবে। আমার ভাইয়ের সঙ্গে আমার হাতাহাতি হবে। আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিলে সবার জন্যই ভালো হতো।
এদিন সরেজমিনে বঙ্গবাজারে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে ছোটো ছোটো চৌকি বসানো হয়েছে। চৌকির ওপর বিক্রির জন্য মালামাল সাজাচ্ছেন ব্যবসায়ীরা। প্রখর রৌদ্রের মধ্যে অনেকে ছাতা মাথায় দিয়ে বেচা-কেনা করতে বসেছেন। এখনও অনেক ব্যবসায়ী মাথায় করে চৌকি নিয়ে আসছেন। আবার অনেকে বিভিন্ন নতুন কাপড় বা মালামালের বস্তা নিয়ে মাঠে ঢুকছেন। ঈদ সামনে রেখে দ্রুত ব্যবসা শুরু করতে তাদের এই কর্মযজ্ঞ।
এবিএস





