নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের হামলায় যুবলীগকর্মীসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পুঁদিপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাছান (১১), যুবলীগকর্মী বেলাল হোসেন (২৪) ও সুমন (২২)। বেলাল হোসেন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী এবং মো. হাছান একই এলাকার দীন ইসলামের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে বেলালের দোকানে বসে সুমনসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা বেলাল ও সুমনকে ধাওয়া করে পিছন থেকে গুলি ছুঁড়লে শিশু হাছান, বেলাল ও সুমন গুলিবিদ্ধ হন।

এক পর্যায়ে সুমন ও বেলাল স্থানীয় মসজিদের গেটের সামনে পড়ে গেলে মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা হাছান ও বেলালকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুমনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তবে কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানাতে পারেননি।

এআই