নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের দফায় দফা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কামাল (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। কামাল চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা।

 

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী মানছুরুল জানান, কামালসহ গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যায়।

স্থানীয়রা জানায়, চরঈশ্বর ইউনিয়নে চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও একই ইউনিয়নের ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থকদের মধ্যে সন্ধ্যা থেকে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে চেয়ারম্যানের সমর্থকরা রবীন্দ্র মেম্বারের এলাকা চরঈশ্বর বাংলা বাজারে অগ্নিসংযোগ করে। এ সময় প্রতিপক্ষের গুলিতে কামালসহ রবীন্দ্র মেম্বারের ৫ সমর্থক গুলিবিদ্ধ হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এম এ