বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নছিমনযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো সাতজন। আহতদের মধ্যে ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বরিশাল ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় টেম্পু ও সাকুরা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে টেম্পুর যাত্রী রণজিৎ (২৫), শামীম (৩৫), অপু (২০), লুৎফুন্নেছা বেগম (৫০), হাসিব (১৫) এবং কেতু (২৫) আহত হন।
আহতদের মধ্যে ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিমারবন্দর থানা পুলিশ সাকুরা নামের পরিবহনটিকে আটক করেছে।
অপরদিকে বরিশালের উজিরপুরে ওটরা এলাকায় বাস চাপায় আব্দুল জলিল হাওলাদার (৬২) নামে এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিল হাওলাদার উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।
উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুরে জলিল হাওলাদার সাতলা ইউনিয়নের রাজাপুর থেকে নসিমনযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে ওটরা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সামনে সাতলা-বরিশাল সড়কে সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জলিল হাওলাদার গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





