বান্দরবান জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার বিকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ফুটবল লীগ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বান্দরবান পুলিশ দল এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে পাতানো খেলা চলছে অভিযোগে পুলিশ দলের সমর্থক এবং মধ্যমপাড়া দলের সমর্থকসহ স্থানীয়দের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ের পুলিশ দলের সমর্থক সাদা পোশাকের পুলিশের সঙ্গে স্থানীয় মধ্যমপাড়া দল, আল আমীন এবং আর্মিপাড়া দলের সমর্থকসহ স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন হচ্ছে মধ্যমপাড়া দলের খেলোয়াড় বাবুল বড়ুয়া (২৬)। অন্যদের নাম জানা যায়নি।
খবর পেয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষ চলাকালে পাঁচ মিনিটের মত খেলা বন্ধ রাখা হয়। খেলায় পুলিশ দল এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা দল ১-১ গোলে খেলা ড্র করে। পয়েন্ট ব্যবধানে দু’দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ছিটকে পড়েছে মধ্যমপাড়া দল। খেলা শেষে নাইক্ষ্যংছড়ি দলের কোচ এবং খেলোয়াড়দের পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থায় মাঠ ছাড়তে দেখা গেছে।
মধ্যমপাড়া দলের টিম ম্যানেজার রাজু বড়ুয়া জানান, পুলিশ দল এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা দল সমঝোতার মাধ্যমে পাতানো খেলা খেলেছে। যে কারণে সাত পয়েন্ট নিয়ে টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়ছে মধ্যমপাড়া দল। এটি ফুটবল খেলার নিয়ম পরিপন্থী। আমরা পাতানো খেলার ফলাফল বাতিলের জন্য টুর্নামেন্ট কমিটিকে লিখিত অভিযোগ দিয়েছি।
জেআই





