নড়াইলে শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোল্যাকে (৭০) হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। পৌরসভার গাড়োচোরা বাজারে এ ঘটনা ঘটেছে। আহত কাশেম মোল্যা জানান, শনিবার রাত ১০টার দিকে তিনি নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে দেখা করে গ্রামের বাড়ি সরসপুর যাচ্ছিলেন।

পথে নড়াইলে গাড়োচোরা বাজারে পৌঁছাতেই ডুমুরতলা এলাকার জামশেদ শেখের ছেলে মোহন মিয়া মোহ, হাতেম মিয়ার ছেলে জিয়াউর রহমান জিয়া ও রেজাউল তার মোটরসাইকেল ঠেকিয়ে গালিগালাজ করে হাতুড়ি দিয়ে হাঁটুর গিরায় বেধড়ক পিটায় । তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। কাশেম মোল্যার জামাতা নড়াইলের শাহাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না বলেন, স্কুলের খেলাধুলা নিয়ে আগে মারামারি হয়েছিল।

সেই ঘটনার মীমাংসার জন্য তার শ্বশুর নড়াইলের যান। কিন্তু মীমাংসায় ব্যর্থ হওয়ায় তাকে ওদের সঙ্গে দেখা করতে বলেন। তিনি বাড়ি যাওয়ার পথে তাকে হাতুড়ি দিয়ে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়েছে। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনজুরুল মোর্শেদ মুন বলেন, তার দুই হাঁটুতে অনেক আঘাত করা হয়েছে। এক্সরে করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে ভেঙ্গে গেছে কি না। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত অফিসার দেলোয়ার হোসেন বলেন, শনিবার রাত ১০ টার দিকে পূর্বের মামলা মোকদ্দমার মীমাংসা করার জন্য বসাবসির কথা ছিল। কিন্তু মামলার মীমাংসা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

টাইমনিউজবিডি.নেট/উজ্জল/মাহমুদ