বাড়ি ফেরার পথে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. তৌহিদুল সিকদার। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গগন বাজার সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত তৌহিদুল বিনয়কাঠি ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।

 

বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, রাতে গগন বাজার থেকে বাড়ি ফিরছিলেন তৌহিদুল। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি যুবলীগ নেতার বলে সনাক্ত করে। হত্যাকাণ্ডটি ঝালকাঠির মধ্যে হওয়ায় ঝালকাঠি থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন ও সদর থানার ওসি শীলমনি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশের একটি সুত্র জানিয়েছে, নিহত তৌহিদুলের বিরুদ্ধে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

সদর থানার ওসি শীলমনি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এআর