ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল ও কনস্টেবল ফজলুল হক।
আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে ডিবি পুলিশ।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছিলেন। এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান ও ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে গুলিবিনিময়কালে আসামিরা পালিয়ে যায়।
আশিকুর রহমান জানান, পরে এলাকা তল্লাশি করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা ও মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি আশিকুর রহমান। নিহত জালালের নামে হত্যা, মাদকসহ ছয়টিরও বেশি মামলা রয়েছে বলে জানান তিনি। সূত্র: এনটিভি
জেড





