একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত কয়েকদিনের চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ মামলা ও জরিমানা করেছে পুলিশ। ট্রাফিক আইনে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকার মধ্যে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৭৬টি মামলা ও ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক আইন: একদিনে সর্বোচ্চ মামলা ৯৬২, জরিমানা ৩৯ লাখ টাকা

রোববার (২২ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৪টি গাড়ি ডাম্পিং এবং ৬০টি গাড়ি রেকার করা হয়।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৪টি গাড়ি ডাম্পিং এবং ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

এফএইচ