স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। শনিবার সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের এমপি অভিজিৎ সাক্ষাতের সময় বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের সীমান্ত এলাকায় আরো বেশি সংখ্যক সীমান্ত হাট চালু এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অভিজিৎ বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে। এসময় তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ভূয়সী প্রশংসা করেন।
অভিজিৎ মুখার্জি বাংলা ভাষার উন্নয়নের জন্য দুই দেশের কবি সাহিত্যিকদের সম্মিলিতভাবে বাংলা ভাষা চর্চার সুযোগ সৃষ্টি ও বাংলা ভাষার উন্নয়নে যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহবান জানান।
সাক্ষাতে স্পিকার শিরীন শারমিন বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ উন্নয়নের সবক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এসময় তিনি দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের সংসদ, সংসদীয় কার্যক্রম, নারী নেতৃত্বের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বর্ডারহাট চালু, সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের কবি সাহিত্যিকদের বাংলা ভাষা চর্চার সুযোগ বৃদ্ধি ও বাংলা ভাষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান ও হুইপ ইকবালুর রহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই





