চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বশির প্রধানিয়া (৬০) নামে চালককে অচেতন করে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে উধাও হয়ে গেছে দুবৃত্তরা।

শনিবার বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই চালককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, শুক্রবার ভোরে উপজেলার বলাখাল স্কুল সংলগ্ন মাঠে তাকে অচেতন করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা।

বশির প্রধানিয়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদির প্রধানিয়ার ছেলে।

বশিরের বড় ভাই আব্দুল খালেক জানান, বশির বৃহস্পতিবার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শনিবার দুপুরে তার মোবাইল থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, বশির বলাখাল স্কুল সংলগ্ন মাঠের পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক জানান, বশিরকে মাদক খাইয়ে অচেতন করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হবে।

এসএইচ