রাজধানীর কাফরুল থেকে পুলিশের তালিকাভুক্ত 'শীর্ষ সন্ত্রাসী' নাটা বিল্লাল ওরফে শুটার বিল্লালসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল ওরফে নাটা বিল্লাল ওরফে শুটার বিল্লাল (৩২), সহযোগী মো. ওয়াসিম (২৮), মো. রাশেদুল ইসলাম ওরফে মিন্টু (৩০) ও মো. লিটন খান (৩৮)।
কাফরুল থানার এসআই রাসেল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া সাতটার দিকে বেগম রোকেয়া সরণির পূর্ব শেওড়াপাড়ার ইকরা রেস্টুরেন্টের সামনে থেকে বিল্লাল ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কাফরুল থানায় গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-২৩) করা হয়েছে। বিল্লালের নামে মিরপুর জোনের বেশ কয়েকটি থানায় আগেরও ডজনখানেক অস্ত্র ও খুনের মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
কেএইচ





