ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার পৃথক সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ও পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের সোনায় হোসেন (২৬) এবং বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি গ্রামের শ্রীমতি কংকাবতী রানী (৯) ও পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের কামরুল (৮)।
এলাকাবাসী জানান, দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেষা নাগর নদীতে গোসল করতে যায় বেউরঝাড়ি গ্রামের নিশিকান্ত পালের মেয়ে কংকাবতীসহ দুজন। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। পরে আউড়াইটায় তার লাশ ভেসে ওঠে।
স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের মো. সবুজের ছেলে কামরুল বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গেলে ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
কামরুল বিরহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
অপরদিকে, সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় আশরাফুল ইসলামের দ্বিতল ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সোনায় হোসেন। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি।
অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান ওই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





