দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সারা দেশে সব পথে লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

আজ সোমবার বেলা ১১টা থেকে খারাপ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারা দেশের সব পথের লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

এ কারণে নৌ বন্দরগুলোকে স্থানীয়ভাবে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান নৌ পরিদর্শক। তিনি আরো জানান, আবহাওয়া একটু ভালো হলে এবং নদী তুলনামূলকভাবে শান্ত হলে নৌযান চলাচল শুরু হবে।

সদরঘাট থেকে দেশের বিভিন্ন স্থানের ৪১টি পথে লঞ্চ চলাচল করে থাকে।

এমআর