ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানায় স্কুলের নৈশপ্রহরীর দ্বারা তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষক নিজাম এওয়াজপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের দপ্তরী কাম নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে থাকে।
মঙ্গলবার(১৯সেপ্টম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধর্ষিতার ভাই হেলাল জানান। হেলাল আরো বলেন, সকলের সাথে আমার বোন স্কুল মাঠে খেলতে গেলে নিজাম তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার স্কুলের দোতলায় রুমে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনার পর ধর্ষিত ছাত্রী বাড়িতে গিয়ে কান্না শুরু করলে তাকে ঘটনা জিজ্ঞাসা করলে সে এসব কথা বলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।
এ ঘটনায় সন্ধ্যায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শশীভূষন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। ঘটনার পর নৈশ প্রহরীকাম দপ্তরী নিজাম পলাতক রয়েছেন।
ঘটনার বিষয়ে এওয়াজপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাজান জানান, মঙ্গলবার স্কুল বন্ধ ছিল। ঘটনা আমি শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করেছি। আমিও এ ঘটনার সঠিক বিচার চাই।
ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের কথা জানানো হলেও শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহীন/জেড





