ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামের নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ও হিফজখানার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২০ শিশু শিক্ষার্থীকে ক্লাসরুমে দাঁড় করিয়ে মাথার চুল কেটে দিয়েছেন মো. রবিউল ইসলাম নামে ওই মাদ্রাসার এক শিক্ষক।
মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, পরীক্ষার কারণে গত কয়েক দিন ধরে ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছেলে শিক্ষার্থীদের মাথার চুল কেটে আসতে বলেন।
কিন্তু শিশু শিক্ষার্থীদের মাথার চুল ছোট হওয়ায় তারা চুল না কেটে আজ মাদ্রাসায় এলে শিক্ষক রবিউল ইসলাম শিক্ষার্থীদের ক্লাসে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে প্রত্যেক ছেলে শিক্ষার্থীরা মাথার চুল কেটে দেন।
এ ঘটনা ওই শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে বলে। পরে অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে এ ঘটনার কারণ জানতে চান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম জানান, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছেলে ছাত্রদের মাথার চুল বড় হয়ে যাওয়ায় তাদের অনেক দিন ধরে চুল কেটে আসতে বলা হয়। কিন্তু তারা চুল কেটে না আসায় কেচি দিয়ে প্রত্যেকের মাথায় একটি করে পোচ দিয়ে চুল কেটে দিয়েছি, যাতে বাড়িতে গিয়ে চুল কেটে আসে।
এ বিষয়ে নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসা ও হিফজখানার প্রধান শিক্ষক জয়নাল আবেদিন জানান, এ ঘটনা শুনে তাকে গালমন্দ করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এম আর





