গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যার প্রতিবাদে সব ধরনের ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে সকল জনগণকে ইসরায়েলের পণ্য বর্জনেরও আহবান জানানো হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হত্যার প্রতিবাদে বুধবার সুপ্রীমকোর্ট বার ভবনের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের এক মানববন্ধনে আইনজীবী নেতারা এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসরায়েলের সদস্যপদ স্থগিতের জন্য জাতিসংঘে সরকারকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিতের দাবিও জানান তারা।
তারা বলেন, 'আমাদের সরকার শুধুমাত্র প্রেস নোট দিয়েই দায়িত্ব শেষ করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার বন্ধে সরকারকে সকল কূটনৈতিক তৎপরতা চালাতে জোর দাবি করেন আইজীবীরা।
গাজায় ইসরায়েলি হত্যা বন্ধে মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশপাশি হামলা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে চাপ প্রয়োগ করার আহবান জানানো হয়।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট আবেদ রাজা, তাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।
ঢাকা, কেএ, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





