বাল্যবিয়ে রোধে একটি নতুন আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবারবিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে কোনো রেজিস্ট্রার স্বেচ্ছায় বাল্যবিয়ে অনুষ্ঠান বা আয়োজনে সহায়তা করলে তার নিবন্ধন বাতিল এবং ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আইন প্রণয়নের পর যথাযথ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

একই প্রশ্নকর্তার অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত দুর্নীতির দায়ে কোনো সাব-রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়নি। বিগত মহাজোট সরকারের আমলে দুর্নীতির দায়ে ৩৩জন সাব-রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়।

দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলিল নিবন্ধনের শত বছরের পুরোনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ঢাকার ৩টি, কুমিল্লা ও যশোরে ১টি করে মোট ৫টি সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে ডিজিটালাইজেশন পদ্ধতি চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ জন্য সফটওয়্যার প্রস্তুতির কার্যক্রমগ্রহণ করা হয়েছে। দলিল রেজিস্ট্রির কাজ আধুনিকায়নসহ কম্পিউটারাইজড করার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অ্যাটর্নি সার্ভিস চালুর বিষযে সরকার পদক্ষেপ নিলেও পরবর্তীতে সংসদ তা গ্রহণ করেনি। যে সব কারণে অ্যাটর্নি সার্ভিস সংক্রান্ত অধ্যাদেশটি সংসদ গ্রহণ করেনি সে কারণগুলো বিবেচনায় নিয়ে অ্যাটর্নি সার্ভিস পুনরায় চালুর বিষয়টি সরকারের বিবেচনাধীন।

এসএইচ