পঞ্চগড়ে প্রতিমা বিসর্জন করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে দক্ষনাথ (১৪) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত দক্ষনাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গীরহাট গ্রামের জয়প্রসাদের পুত্র। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দক্ষনাথসহ তার কয়েকজন বন্ধু প্রতিমা বিসর্জন করতে ধুলাঝারি এলাকার করতোয়া নদীতে যায়। প্রতিমা বিসর্জনের সময় দক্ষনাথসহ তার কয়েকজন সাথী নদীতে পড়ে যায়।

এসময় অন্যরা নদীর পাড়ে উঠতে পারলেও দক্ষনাথ পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে রংপুর থেকে ডুবুরী আনা হয়। ডুবুরিরা সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে তার সৎকারের জন্য উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন ১০ হাজার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ২ হাজার টাকা প্রদান করেছেন।

দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎজ্জামান চৌধুরী জজ প্রতিমা বিসর্জন করতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর