ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।
আজ (২০ জানুয়ারি) রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের কাছে অবদা নামক স্থানে বালুবাহী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হন।
নিহতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আবদুর রব খালেদ (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮) ও ছেলে তাসফি হাসান (৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে বাগাতিপাড়া উপজেলার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে ওই ব্যক্তিরা নিজ বাড়ি আড়ানীতে ফিরছিল।
নিহত আবদুর রব খালেদ আড়ানী পৌর বাজারের বিশিষ্ট জুতা স্যান্ডেল ব্যবসায়ী। তার স্ত্রী ছনিয়া বেগম গৃহিনী, ছেলে তাসফি হাসান আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার জানান, রাজশাহীর আড়ানী থেকে স্ত্রী-সন্তান নিয়ে আব্দুল খালেক নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামে এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে আড়ানীতে নিজ বাড়িতে ফেরার পথে তারা বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
তিনি আরও জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ৩ টি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
এমবি





