গাছে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় মাখন (৫০) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত মাখন ওই এলাকার মফেজ উদ্দিনের স্ত্রী।
নিহতের ছোট ভাই আব্দুস সালাম জানান, তার বোনের স্বামী মফেজ উদ্দিনের দুই স্ত্রী। পশ্চিম দাশড়া এলাকায় তারা পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করতেন।
মঙ্গলবার রাত ১১টা থেকে তার বোন বাড়ি থেকে নিখোঁজ হন। পরে সকালে ওই এলাকায় মফেজের দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ভিটিতে একটি গাছে সঙ্গে তার বোনের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
তিনি অভিযোগ করে আরো বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকেই তার বোনকে প্রতিনিয়ত মারপিট করা হতো। মফেজ তার বোনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে ওই গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তাছাড়া পুলিশকে না জানিয়েই মফেজের ভাই তারা মিয়া লাশটি গাছ থেকে নামিয়ে ফেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এআর





