‘রাজধানীর উত্তরার খালে অস্ত্র ও গুলি মজুদ রাখা গভীর ষড়যন্ত্রের অংশ। এটা সাধারণ অপরাধীদের কাজ নয়।’

আজ (সোমবার) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার উত্তরার লেক থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ডিএমপি আনুষ্ঠানিক এ ব্রিফ্রিংয়ের আয়োজন করে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তারাই এ অস্ত্র রেখেছিল। এগুলো উদ্ধার না হলে দেশে বড় ধরনের ক্ষতি হতে পারতো।’

যারা গত বছর জ্বালাও-পোড়াও করেছে তারাই এসব অস্ত্র রাখার সঙ্গে জড়িত বলেও তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধারকৃত অস্ত্রে কোনো দেশের নাম ছিল না। শুধু সিরিয়াল নম্বর রয়েছে।’

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিনার মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএম