বগুড়ায় অপহৃত স্কুলছাত্র মাহিদকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উদ্ধারের সময় অপহরণকারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।

পুলিশের গুলিতে আহত অবস্থায় অপহরণকারী ফেরদৌস রহমান ফিজু আটক হয়েছেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এতে পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বুধবার বগুড়া শহরের কাটনারপাড়া থেকে স্কুলছাত্র মাহিদকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে মাহিদের পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের পরামর্শে অপহরণকারীদের দুই লাখ টাকা দিতে রাজি হয় মাহিদের পরিবার।

শর্ত অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে টাকা লেনদেন হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী মাহিদের বাবা দুই লাখ টাকা নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে অপেক্ষা করতে থাকে। রাত ৮টার দিকে অপহরণকারী ফেরদৌস রহমান ফিজু স্কুলছাত্র মাহিদকে নিয়ে সেখানে উপস্থিত হওয়ামাত্র ওঁৎপেতে থাকা পুলিশ তাদের ঘেরাও করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অপহরণকারী। পুলিশের পাল্টা গুলিতে অপহরণকারী ফিজু আহত হলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও অপহৃত স্কুলছাত্র মাহিদকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপহরণকারীর গুলিতে পুলিশের এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অপহরণকারী ফিজুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ