ঈদুল আজহার আগে গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’জন খুনের পর সন্দ্বীপে সাঁড়াশি অভিযান শুরু করেছে র্যাব। এ পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
সোমবার ভোর ৬টায় উপজেলার হারামিয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামসহ আশপাশের এলাকা ঘেরাও করে সাঁড়াশি অভিযান শুরু করে র্যাব। অভিযান এখনও অব্যাহত আছে।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’জন খুন হয়েছিল। আমাদের কাছে তথ্য ছিল সন্দ্বীপে পরস্পর বিবদমান কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাসীদের দমনে আমরা অভিযান শুরু করেছি।
‘অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এখনও পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। ’ বলেন মিফতাহ।
কোরবানির ঈদকে সামনে রেখে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় বসা গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় জাফর ও মিশু গ্রুপ। এসময় উভয় পক্ষে গুলি বিনিময়ে মো. কবির ও মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান।
এদের মধ্যে মো. কবির একটি প্রসাধনী কোম্পানির ডেলিভারিম্যান। তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।
সংঘর্ষে লিপ্ত দুটি পক্ষই ক্ষমতাসীন দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।
এমকে





