সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাজাহান আলী খান (৫৪) নামে এক সরকারি কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে।

নিহত শাজাহান আলী খান পেট্রোবাংলার ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার চাউলাপট্রি এলাকার কফিল উদ্দিন খানের ছেলে।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহতের ছেলে স্থানীয় কেবল অপারেটর (ডিশ ব্যবসায়ী) ইমরান খান মিঠুন জানান, আমরা গরুর হাটে যাই। তবে দামে বনিবনা না হওয়ায় হাট থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পরি।

প্রত্যক্ষদর্শী জোভিয়ার কেবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপক বাবু জানান, ৫ জনের একদল ছিনতাইকারী আমাদের ঘিরে ফেলেন। তারা আমাদের যার কাছে যা কিছু আছে দ্রুত দিয়ে দিতে চাপ দেন। তাদের কারো পরনে প্যান্ট শার্ট কারো পরনে ছিলো লুঙ্গি। ছিনতাইকারীরা এক পর্যায়ে আমাদের সঙ্গে থাকা নয়টি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় সঙ্গে থাকা এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের সময় বাঁধা দিতেই শাজাহান আলী খানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সব টাকা ছিনতাই করে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শাজাহান আলী খান তিন কন্যা ও এক ছেলের জনক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।

জেএ