চট্টগ্রাম নগরীতে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার ৩০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রোববার মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার বিকেলে এ ঘটনা জানাজানি হয়।

পতেঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ৩০টি স্বর্ণের বার ছিনতাইয়ের খবর পেয়েছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। স্বর্ণের বারগুলো বৈধ নাকি অবৈধভাবে এসেছে তাও বলতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, মাসুদ নামে একব্যক্তি স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়ার সময় নেভাল রোডে ডিবির টিম পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো রঙয়ের মাইক্রোবাসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে গিয়ে সোনার বারগুলো কেড়ে নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়া হয় বলে জেনেছি।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো. মারুফ হাসান বলেন, স্বর্ণ ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আমাদের কোন টিম ছিল না। বিষয় তদন্ত করে দেখছি।

এমই