চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুত্রবধূ তার শ্বাশুড়িকে জবাই করে হত্যা করেছে। পুলিশ ঘাতক পুত্রবধূ নাঈমা দীন লিজাকে (২০) আটক করেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমা দীন লিজার স্বামী জসিম উদ্দিন চট্টগ্রাম নগরীতে থাকেন। শ্বশুড় ফজলুল হক ও শ্বাশুড়ি সোহাগ খাতুনকে নিয়ে লিজা গ্রামের বাড়িতে থাকেন। তিন মাস আগে লিজা ও জসীমের বিয়ে হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। রাত ১২টার দিকে ওই ঘরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। শ্বশুড় এবং প্রতিবেশি লোকজন এসে দেখতে পায়, লিজা বড় ছোরা দিয়ে সোহাগ খাতুনকে জবাই করে হত্যা করেছে। এসময় লোকজন লিজাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিজাকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় সোহাগ খাতুনের স্বামী ফজলুল হক বাদি হয়ে আনোয়ারা থানায় লিজাকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি। তবে সুনির্দিষ্ট কোন ক্লু পাচ্ছিনা। পুত্রবধূর সঙ্গে শ্বশুড়-শ্বাশুড়ির সম্পর্ক ভাল ছিল। মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছে। পুত্রবধূ এখন শ্বাশুড়ির জন্য বিলাপ ধরে কান্নাকাটি করছে। সব মিলিয়ে আমাদের কাছে ঘটনাটি খুবই রহস্যজনক মনে হচ্ছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ