চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন মইদুল ইসলাম নামের এক স্বামী।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নাচোল উপজেলার হাকরইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাকরইল মধ্যপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক মইদুল ইসলাম বাদল (৫২) ও স্ত্রী নাসিমা বেগম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসিমা ছিলেন মইদুল ইসলাম বাদলের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে মানসিকরোগে আক্রান্ত হয়ে পড়েন মইদুল ইসলাম বাদল। এই অবস্থায় প্রায় তার স্ত্রীকে মারধর করতেন মইদুল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় পরিবারের লোকজন তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এরইমধ্যে মঙ্গলবার রাতে মইদুল তার স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশের একটি চালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আজ বুধবার সকালে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

নাচোল থানার ওসি (তদন্ত) মাহতাব উদ্দিন জানান, নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিল। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

এমবি