সিরাজগঞ্জের তাড়াশে সোমবার রাতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে আলামিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে উপজেলার সগুনা ইউনিয়নে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) দিঘীসগুনা গ্রামের খয়বর হোসেনের ছেলে আলামিন (২৪) কয়েকজন যুবকে ফুঁসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
তারা পাশের মাগুড়াবিনোদ গ্রামের মাঠের মধ্যে গভীর রাত পর্যন্ত পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
ধর্ষিতা রক্তাক্ত ও গুরুতর অবস্থায় মাগুড়াবিনোদ গ্রামের একটি বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গ্রামবাসী তাকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই অভিযান চালিয়ে আলামিন নামে এক যুবককে আটক করা হয়েছে। অপর ধর্ষকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমকে





