যশোরের শার্শার রুদ্রপুরে এক ভাইকে বেঁধে রেখে বোনকে গণধর্ষণ করেছে চার নরপশু।

যশোরের শার্শার পল্লীতে পাওনা টাকা আনতে যেয়ে গণধর্ষণের শিকার হন ওই নারী।

ধর্ষণের অভিযোগে রুদ্রপুর গ্রামের আজগার আলী নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামে আজগার আলীর কাছে পাওনা টাকা আনতে গেলে সে এবং তার সহযোগি সোহেল শহীদসহ চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।

শার্শা থানার ওসি ইনামুল হক বলেন, বরিশাল বাকেরগঞ্জ এলাকার শাহআলম রুদ্রপুর গ্রামের আজগার আলীর কাছে ফেনসিডিলের টাকা পেতেন।

ওই টাকা দেওয়ার কথা বলে বুধবার শাহআলম ও তার বোনকে বাড়িতে ডেকে নিয়ে যান আজগার। পরে ভাই ও বোনকে কৌশলে রুদ্রপুর বিলপাড়ার একটি ঘরে নিয়ে শাহআলমকে বেঁধে রেখে রাতভর তার বোনকে গণধর্ষণ করে আজগার ও তার তিন সহযোগি।

পুলিশ সকালে উলাশি এলাকা থেকে ভিকটিম ও তার ভাইকে উদ্ধার করে। অভিযুক্ত আজগার আলীকে আটক করে পুলিশ।

আজগারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি ইনামুল হক।

এমকে