করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন সৌদি আরব ফেরত এক নারী এবং ১০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এই তথ্য জানিয়েছেন।

এছাড়া মৌলভীবাজারে ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান ওই জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

আর সুনামগঞ্জে ১৪ জন ও হবিগঞ্জে ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান সংশ্লিষ্টরা।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল আরও বলেন, সিলেটের যে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের বেশিরভাগই প্রবাসী। রয়েছেন তাদের স্বজনরাও।

গত বছর ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।

ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।

এখনও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।

এমবি